সাংবাদিক বেন জ্যাকবসের একান্ত প্রতিবেদনে বলা হয়েছে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ভবিষ্যৎ বর্তমানে গুরুতর সংকটে পড়েছে এবং তাঁর প্রতি সমর্থন প্রত্যাহারের উদ্যোগ সক্রিয়ভাবে এগিয়ে নিচ্ছে উয়েফা।

প্রতিবেদন অনুযায়ী, উয়েফা সভাপতি আলেকসান্দার চেফেরিন ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনসহ যেসব ইউরোপীয় ফুটবল সংস্থা আগে লিখিতভাবে ইনফান্তিনোকে সমর্থন জানিয়েছিল, তাদের অবিলম্বে সেই চিঠি প্রত্যাহারের আহ্বান জানাচ্ছেন।
তবে ফিফার অভ্যন্তরীণ সূত্রের পাল্টা দাবি, এখনো উয়েফার ৪০টির বেশি সদস্য সংস্থা দৃঢ়ভাবে ইনফান্তিনোর পাশে রয়েছে। কনকাকাফ সভাপতি ভিক্টর মন্টাগ্লিয়ানি সম্ভাব্য জনপ্রিয় প্রার্থী হয়ে উঠেছেন। প্যারিসের সভাপতি নাসের আল-খেলাইফির ব্যক্তিগতভাবে নির্বাচনে দাঁড়ানোর আগ্রহ কম হলেও, অভ্যন্তরে তাঁকে সমর্থনের দাবি এখনো রয়েছে।
ধারণা করা হচ্ছে, সাল্ৎসবুর্গে ইউরোপীয় সুপার কাপ চলাকালে বিষয়টি নিয়ে চেফেরিন ও আল-খেলাইফি আরও গভীর আলোচনা করবেন। উয়েফার অভ্যন্তরীণ সূত্র এবং ইনফান্তিনোর কয়েকজন মিত্র আরও জানিয়েছেন, এই অস্থিরতার মধ্যে ইনফান্তিনো অবিলম্বে পদত্যাগ করলে বর্তমান ফিফা মহাসচিব মাতিয়াস গ্রাফস্ট্রম ক্ষমতা হস্তান্তরের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। প্রতিবেদনটি নিয়ে উয়েফা ও ফিফা উভয়েই মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
শেষ হালনাগাদ: 2026-08-02 11:28
